কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ফ্রিজে কোরবানির মাংস রাখাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলকে পুলিশ আটক করেছে।
বুধবার(২১জুলাই) সন্ধ্যায় রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নইমুদ্দিন (৫৫)একই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নইমুদ্দিনরা তিন ভাই। বুধবার সকালে কোরবানি করার পর ফ্রিজে মাংস রাখা নিয়ে তার অপর দুই ভাই জলিল ও খলিলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বাড়ির পাশের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন বড় ভাই নইমুদ্দিন।
এ সময় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন জলিল। একপর্যায়ে বড় ভাই নইমুদ্দিনকে ঘুষি মারেন তিনি। এতে দোকানের সামনের সিমেন্টের তৈরি বেঞ্চের ওপর পড়ে মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় নইমুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
রৌমারী থানার ওসি মোনাসির বিল্লাহ জানান, স্থানীয়রা অভিযুক্ত জলিলকে ধরে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করা হয়। রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।