বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। অদ্য ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, বাঘা থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়, বাঘা উপজেলা স্বাস্থ্য অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে বাঘা উপজেলা জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের আবহ।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্দি কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, মুক্তি যোদ্ধা কমান্ডার শফিউর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান,আলপনা ইয়াসমিন (UDF),পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,উপজলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,আনসার ভিডিবি অফিসার শরিফ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভাষা আন্দোলনের বীর শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, তাদের আত্মদানের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
