ভাস্কর সরকার (রাবি):
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত রবিবার (০১ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিককে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
এর পূর্বে তিনি ১৫ ডিসেম্বর ২০১২ থেকে ১৪ আগস্ট ২০১৬ পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রফেসর ড. আশিক মোসাদ্দিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ১৯৯৩ সালে বি ফার্ম এবং ১৯৯৪ সালে এম ফার্ম ড্রিগ্রি অর্জন করেন। ২৫ অক্টোবর ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয়। অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এরপর ২০০৮-২০১০ পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ায় পোস্ট ডক্টারাল গবেষণা কাজ সম্পন্ন করেন। ১৬ জুন ২০১১ থেকে ২৫ জুন ২০১২ পর্যন্ত তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি সৌদি আরবের দাম্মাম বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল ফার্মেসী বিভাগে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন ১৫ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।
২০১১ সালে তিনি উন্নয়নশীল দেশ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি থেকে গবেষণায় অবদানের জন্য তরুণ বিজ্ঞানী গোল্ড মেডেল অর্জন করেন। ন্যাচারাল প্রডাক্ট ও ন্যানো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ইতোমধ্যেই তার ১৩৫ টি প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এলসিডার সায়েন্স ও একাডেমিক প্রেস তার ৩টি বই প্রকাশ করেছে।
