রাজশাহীর বাঘা উপজেলার মোঃ মোমিনুল ইসলাম ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচিতে অসামান্য অবদান রাখায় কর্মসূচির পক্ষ থেকে জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করেছেন।
তৃণমূল জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মানসম্মত আইনি সেবা প্রদান, কিশোরী ও নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। বিশেষ করে ২০২৪-২০২৫ অর্থবছরে সারা দেশের সেলপ কর্মসূচির আওতায় পরিচালিত ২৬৮টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষকে বিনামূল্যে আইনি সেবার আওতায় এনে দ্রুত সমস্যা সমাধানে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
৪ মে, সোমবার,২০২৬ দুপুর ১২ ঘটিকায় ঢাকার সাভারে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন, আইনি সুরক্ষা, সোশ্যাল কমপ্লায়েন্স এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন। এছাড়া কর্মসূচি প্রধান মোঃ মাসুদুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী (অপারেশনস) পলাশ কুমার ঘোষ, এডভোকেসি এন্ড পলিসি লিড এটিএম মোর্শেদ আলম সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের ৩৩টি জেলা থেকে আগত জেলা ব্যবস্থাপক, ডেপুটি ম্যানেজার, জোনাল ম্যানেজার এবং অন্যান্য সহকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মোমিনুল ইসলামের কর্মজীবনে এটি প্রথম নয়। এর আগে তিনি ২০২০ সালে ব্র্যাকের তৎকালীন সিইপি কর্মসূচি থেকে “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড”, ২০২১ সালে ব্র্যাকের সর্বোচ্চ সম্মাননা “স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার” এবং ২০২৪ সালে “ইতিবাচক পুরুষালী আচরণ সম্মাননা পদক” অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক সন্তানের জনক। তার নিষ্ঠা, সততা ও মানবিক কাজের মাধ্যমে বাঘা উপজেলার মানুষের হৃদয়ে তিনি ইতোমধ্যেই একজন আশাজাগানিয়া মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন।
