মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে ৩০ কেজি গাঁজাসহ মোতালেব (৪৯), আব্দুল মতিন (৩৫) এবং খাদিজা বেগম (৩০) নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার(৪ঠা এপ্রিল-২৪) বিকেল ৫ টার দিকে গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার(৫ই এপ্রিল)সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প সংবাদ কর্মীদের জানায়,র্যাবের একটি অপারেশন দল ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাধুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি শুকনো গাঁজাসহ সাধুপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব, মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন এবং আব্দুল মতিনের স্ত্রী খাদিজা বেগমকে আটক করে।
র্যাব আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা জব্দকৃত গাঁজা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পরিবহণ করছে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

