বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বেলগাছি স্বপ্নসারথি কিশোরী দলের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে গত ১৭ জুন ২০২৬, বুধবার বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছর মেয়াদে ২০০ জন কিশোরীকে নিয়ে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী ও বাল্যবিবাহমুক্ত জীবন গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসব কার্যক্রমের মধ্যে ছিল জীবন দক্ষতা উন্নয়ন সেশন, অভিভাবক সভা, সজাগ দল সভা, মিলনমেলা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মতবিনিময় সভা, আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা প্রদান এবং গণনাটক মঞ্চায়নসহ নানা সচেতনতামূলক উদ্যোগ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক সেলপ কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মোঃ আকছেদ আলী।
বাঘা উপজেলা সেলপ কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আরিফা ইয়াসমিন, অভিভাবক সদস্য মোঃ জিল্লুর রহমান ও মিতা বেগম, স্বপ্নসারথি চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস জিম, মায়মুনা আক্তার, আবিদা সুলতানা বুশরাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
