বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন এ চলমান রেলওয়ের উন্নয়ন কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগ সংক্রান্ত প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদলিপি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) আড়ানী রেলস্টেশন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইট ম্যানেজার ও কেয়ারটেকার মো. আব্দুল্লাহ আল হাসান ডাবলু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। প্রকাশিত এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, সংবাদে উল্লেখ করা হয়েছে গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনা করতে পারেনি। বাস্তবে ওইদিনসহ প্রতিদিনই নিয়মিতভাবে কাজ পরিচালিত হয়েছে এবং বর্তমানে কাজ চলমান রয়েছে।
প্রতিবাদলিপিতে জানানো হয়, আড়ানী রেলস্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে কাজ পরিচালনা করছেন।
মো. ডাবলু বলেন, ঠিকাদার আশরাফ উদ্দিন তাকে মোবাইল ফোনে জানিয়েছেন, কাজ শুরুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি কাজে বাধা প্রদান করেনি এবং কাজের স্থানে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।
সংবাদ সম্মেলনে তিনি আবু সাইদ চাঁদ এর নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
