রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮), পিতা রফিকুল ইসলাম, গ্রাম হরিরামপুর, থানা বাঘা, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। জিআর-১৬৩/২১ (বাঘা) মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের পরোয়ানা থানায় পৌঁছানোর পর হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বিভিন্ন মাদক ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মিলন হোসেন, পিতা আকবর আলী, গ্রাম আলাইপুর (পাকুরিয়া ইউনিয়ন); জালাম (৫২), পিতা নইমুদ্দিন, গ্রাম মিলিকবাঘা (পুরাতন বাসস্ট্যান্ড); বাবুল হোসেন, পিতা আয়েব উদ্দিন, গ্রাম পুরাতন বাসস্ট্যান্ড (বাঘা পৌরসভা); মিলন মিয়া, পিতা জান মোহাম্মদ, গ্রাম বাউসা মিয়াপাড়া; বজলুল, পিতা নজরুল ইসলাম, গ্রাম আলাইপুর (পাকুরিয়া ইউনিয়ন); আলতাব হোসেন, পিতা মৃত মহসিন আলী, গ্রাম তুলসীপুর (মনিগ্রাম ইউনিয়ন); এবং আনোয়ার হোসেন, পিতা শামসুল আলম, গ্রাম আটঘড়ি (মনিগ্রাম ইউনিয়ন)। তাদের সকলের বাড়ি রাজশাহী জেলায়।
গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, "অপরাধ করে সাময়িকভাবে পার পাওয়া গেলেও এর পরিণতি একসময় ভয়াবহ হয়। তাই মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।" তিনি এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
