বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ তকি ফয়সল তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে শিক্ষক, কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার ও ফিল্ড সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ তকি ফয়সল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।
সভায় ইউএনও মুহাম্মাদ তকি ফয়সল তালুকদার বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। মহান আল্লাহকে ভয় করে তাকওয়ার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
আলোচনার একপর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শিক্ষকদের পক্ষে মাওলানা মুহাম্মাদ সাজেদুর রহমান বলেন, বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। বিষয়টি জানার পর বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন নিজ অর্থায়নে কার্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের বেতন অত্যন্ত কম উল্লেখ করে তাদের পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ব্যবস্থা এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি জানানো হয়।
বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বলেন, তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদের কাছে বিষয়টি তুলে ধরবেন। জাতীয় সংসদে শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপনের জন্য তিনি এমপির প্রতি আহ্বান জানাবেন বলেও জানান।
পরে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে সভার সমাপ্তি হয়।
