বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে উপজেলার পাকুড়িয়া ও বাউসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লালন মিয়া (৪৫) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে। তিনি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
অপরদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি নিয়মিত মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মুস্তাফির আল মাহমুদ ওরফে জাকির (২৫), পিতা বুলবুল আহমেদ। তাকে উপজেলার বাউসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য, অনলাইন জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
