বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চুরি ও নিয়মিত মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে রাজিব মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি আলাইপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
এদিকে চুরি মামলায় বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকার আজিজুল সরকারের ছেলে বাবু সরকার (২৪) এবং নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে রাসেল আহমেদ (২৮)কে রোববার নারায়ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া নিয়মিত মামলায় এজাহারনামীয় মূল আসামি আলাইপুর মহাজনপাড়া এলাকার খাকসার আলীর ছেলে মো. মিজান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চার আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
