বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় বিভিন্ন দপ্তর ও সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে মিরগঞ্জের টি-বাঁধ সংলগ্ন এলাকায় ১ হাজার চারা রোপণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।
কর্মসূচিতে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, জেলা পল্লী উন্নয়ন অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার বৃক্ষ রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়কে সাধুবাদ জানান।
একই সঙ্গে মিরগঞ্জের টি-বাঁধ সংলগ্ন এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।
