বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ২০টির অধিক শামুকখোল পাখি আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বাঘা থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী তকি ফয়সাল তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব পাখি জব্দ করা হয়। পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর আওতায় তিন আসামির প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দ করা ২০টি শামুকখোল পাখিকে প্রাথমিকভাবে বাঘা মাজার দিঘিতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে বন বিভাগের সহায়তায় পাখিগুলোকে রাজশাহী বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
