বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যার পানিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার। কোমরসমান পানিতে নেমে নিজ উদ্যোগে ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ১০০টি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বন্যার পানিতে নৌকা ও হেঁটে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার, চিড়া-মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, প্রাথমিক ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন আব্দুস সাত্তার। এ সময় তিনি নিজেও পানিতে নেমে বন্যার্ত মানুষের হাতে সহায়তা তুলে দেন।
স্থানীয়রা জানান, বন্যার পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে পড়ায় অনেক পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহায়তা বিতরণকালে বন্যার্তদের সঙ্গে কথা বলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার। তিনি বলেন, “এখন সরকারি সহযোগিতা অনেক বেশি দরকার। পানিবন্দি মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। সকলকে দুর্গত মানুষের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, ইউনিয়ন প্লাটুন কমান্ডার মো. সাইফুল ইসলামসহ আনসার ও ভিডিপির সদস্যরা।
বন্যার্তদের দাবি, দুর্গত এলাকায় দ্রুত সরকারি ত্রাণ সহায়তা আরও বাড়ানো এবং বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।
