রাজশাহী ব্যুরোঃ আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা The Queen’s Commonপwealth Writing Competition 2026-এ ব্রোঞ্জ পুরস্কার (Bronze Award) অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার মেয়ে সরকার মূর্ছনা রহমান। তিনি লালপুরের বেরিলা বাড়ি এলাকার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তাঁর এ সাফল্যে আনন্দিত স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।
প্রতিযোগিতাটির আয়োজক রয়্যাল কমনওয়েলথ সোসাইটি (Royal Commonwealth Society)। কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের সৃজনশীল লেখালেখি, চিন্তাশক্তি ও কল্পনাশক্তির বিকাশ এবং নিজস্ব ভাবনা প্রকাশের সুযোগ করে দিতে দীর্ঘদিন ধরে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ লেখকেরা নিজেদের সৃজনশীলতা ও লেখনীর দক্ষতা তুলে ধরার সুযোগ পান। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সরকার মূর্ছনা রহমান তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
মূর্ছনার এ অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল লেখালেখি, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবেন মূর্ছনা রহমান। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
