নিজেস্ব প্রতিবেদক:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপি’র ৪৬তম জাতীয় সমাবেশ।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এ উৎসবমুখর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়।
এ সমাবেশে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকার ভিডিপি সদস্য মোঃ সাগর আলী “প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক” অর্জন করেন। দৃষ্টান্তমূলক কর্তব্যপরায়ণতা, দায়িত্বশীলতা এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়।
মোঃ সাগর আলী রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী ডাকঘরের চকসিংগা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আসমত। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বাহিনীর সুনাম বৃদ্ধি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদকপ্রাপ্তির সনদপত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্র কর্তৃক তার প্রশংসনীয় কাজের স্বীকৃতি লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতেও দেশসেবা ও বাহিনীর অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে এবং অন্যান্য সদস্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
এ অর্জনে আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মহিদুল ইসলাম জুয়েল মোঃ সাগর আলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

