বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়নপুর এলাকার রমজিতের আমবাগান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি বাঘা পৌরসভার চকনারায়ণপুর গ্রামের পিতা মৃত আঞ্জারুল ইসলাম ওরফে নিলু কোম্পানি'র ছেলে শাকিব(২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাকিবকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় সোয়া ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে মাদক সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেছিলেন শাকিব। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
