নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ জুলাই বাঘা থানার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৬)-কে শুকনা গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয় এবং পরে তাকে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত শহিদুল ইসলামকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সাজা পরোয়ানা থানায় পৌঁছানোর পর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই আব্দুল মালেক ও এএসআই আমিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। সোমবার (১৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় নিজ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
