বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘা থেকে চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তৎপরতা ও প্রযুক্তিগত সহায়তায় পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া থানাধীন নওগাঁ বাজার এলাকার পরতকান্দি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে বাঘা উপজেলার চকনারায়নপুর গ্রামের জগদীশ সাহার ট্রাকটি নারায়ণপুর এলাকার একটি দোকানের সামনে রেখে চালক বাড়িতে চলে যান। পরদিন ১০ জুলাই সকালে ভাড়ার জন্য এসে ট্রাকটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় মামলা (নং-৯, তারিখ ১০/৭/২০২৬, ধারা-৩৭৯/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় বাঘা থানার সাব-ইন্সপেক্টর বজলুর রশিদের ওপর।
তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই ট্রাকের গতিপথ শনাক্ত করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ট্রাকটির অবস্থান নিশ্চিত করা হয়।
এরপর বাঘা থানা পুলিশের একটি চৌকস দল পাবনা জেলার সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১১ জুলাই দুপুরে ট্রাকটি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তি ট্রাকটি রেখে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাক উদ্ধারের পর মালিক জগদীশ সাহা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাঘা থানা পুলিশ জানায়, অপরাধী যত কৌশল অবলম্বন করুক না কেন, অপরাধের সময় কোনো না কোনো প্রমাণ রেখে যায়। সেই সূত্র ধরেই অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
বাঘা থানা পুলিশ নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছে।
