রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তাই বিষয়টির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
