নিজস্ব প্রতিবেদক( বাঘা (রাজশাহী)রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আড়ানী পৌর বিএনপি।
আজ ২০ জুলাই সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে আড়ানী পৌর বিএনপির নেতারা বলেন, প্রকাশিত সংবাদে বিভিন্ন তথ্য একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি একটি গুরুতর নাশকতামূলক অপরাধ। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে এবং বিষয়টি বিচারাধীন। তদন্ত শেষ হওয়ার আগেই কোনো ব্যক্তি বা পক্ষের দাবি একতরফাভাবে প্রকাশ করে জনমত প্রভাবিত করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত।
আড়ানী পৌর বিএনপির নেতারা আরও বলেন, মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার বা রিমান্ডের বিষয়টি সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের এখতিয়ার। তাই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে—এমন কোনো বিভ্রান্তিকর বা একপাক্ষিক সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানান তারা।
প্রতিবাদলিপিতে আড়ানী পৌর বিএনপি সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার অথবা সংশোধনের দাবি জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনুসরণের আহ্বান জানান।
একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটনের প্রত্যাশা করা হচ্ছে।
