৩২০ কিশোরীকে নিয়ে শুরু হলো ব্র্যাক সেলপের জীবনদক্ষতা উন্নয়ন কার্যক্রম।
রাজশাহীর বাঘা উপজেলায় কিশোরীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির ‘স্বপ্নসারথি’ উদ্যোগ।
জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ পর্যন্ত বাস্তবায়িতব্য এ কর্মসূচির আওতায় বাঘা পৌরসভার নারায়ণপুর ও বানিয়াপাড়া, পাকুড়িয়া ইউনিয়নের কাদিরপুর, আলাইপুর, হরিরামপুর, জোতনশী ও কিশোরপুর, গড়গড়ি ইউনিয়নের সরেহাট এবং মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর ও আটঘরি—এই ১০টি গ্রামে ৩২ জন করে মোট ৩২০ জন কিশোরীকে নিয়ে ‘স্বপ্নসারথি’ দল গঠন করা হয়েছে। সদস্যদের বয়স ১৩ বছর ৬ মাস থেকে ১৬ বছর ৬ মাসের মধ্যে।
কর্মসূচির মূল লক্ষ্য হলো কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করা, আত্মনির্ভরশীল জীবন গঠনে উদ্বুদ্ধ করা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি, কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি, পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহিত করা, নিজের জীবন সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করতে শেখানো এবং দলীয় সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একে অপরের স্বপ্নপূরণে পাশে থাকা।
এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধ, প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভালো শিক্ষার ফলাফল অর্জনে উৎসাহিত করার বিষয়গুলোও এ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।
এরই ধারাবাহিকতায় ‘আমরা শক্তি, আমরা বল’ শীর্ষক জীবনদক্ষতা উন্নয়ন সেশনের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ২৮ এপ্রিল আটঘরি গ্রামে ৩২ জন কিশোরী সদস্যকে নিয়ে আটঘরি স্বপ্নসারথি দল গঠন ও জীবনদক্ষতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়।
সেশন পরিচালনা করেন ব্র্যাক সেলপ কর্মসূচির বাঘা উপজেলা অফিসার মো. মোমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন সেলপের সিও মো. মমিনুল ইসলাম।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সামাজিক সচেতনতা ও জীবনদক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে তারা বাল্যবিয়ে, শিক্ষা থেকে ঝরে পড়া এবং অন্যান্য সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলায় আরও সক্ষম হয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে।
