বিষয়: ১৪ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ‘চাঁদা দাবির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে রাবি অধ্যাপকের জিডি’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ।
দৈনিক কালবেলা পত্রিকায় গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে ‘চাঁদা দাবির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে রাবি অধ্যাপকের জিডি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামালের বক্তব্যের বরাতে আমার নাম এবং আমার কর্মরত গণমাধ্যম ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’-এর নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। কোনো প্রকার যাচাই-বাছাই এবং আমার বক্তব্য গ্রহণ না করে প্রকাশিত এই একপেশে সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক আমার কোনো বক্তব্য গ্রহণ করেননি। সাংবাদিকতার সর্বজনীন নীতি ও পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আমার বক্তব্য গ্রহণ না করেই সংবাদে আমার নাম ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে, যা পেশাদার সাংবাদিকতার নীতির সম্পূর্ণ পরিপন্থী।
কোনো ধরনের সত্যতা যাচাই না করে ঢালাওভাবে একজন সাংবাদিক ও তার কর্মরত সংবাদ প্রতিষ্ঠানের নাম প্রকাশ করায় সাধারণ পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এ ধরনের সংবাদ আমার ব্যক্তিগত সুনাম এবং আমার কর্মরত গণমাধ্যম ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’-এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে আমি মনে করি।
একজন সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ থাকলে তা প্রকাশের আগে অভিযোগের সত্যতা যাচাই করা, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া এবং অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু প্রকাশিত সংবাদে আমার বক্তব্য না নিয়ে শুধুমাত্র একজনের বক্তব্যের ভিত্তিতে আমার নাম ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। ফলে সংবাদটি একপেশে ও বিভ্রান্তিকর হয়েছে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং পাঠকদের সঠিক তথ্য জানানোর স্বার্থে আমার এই প্রতিবাদলিপিটি আপনাদের পত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণে যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশের জন্য অনুরোধ করছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ, তথ্যের যথাযথ যাচাই-বাছাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আমজাদ হোসেন
রাজশাহী জেলা প্রতিনিধি, দ্যা ডেইলি ক্যাম্পাস
মোবাইল: ০১৭৮৭০২৫০০১
রাজশাহী
(১৫ আগস্ট-২০২৬)
