বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০টি অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. আবু সাইদ চাঁদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুলা খামারু, সাধারণ সম্পাদক মো. জগলু সিকদার, চকরাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী মো. বাঁশিরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে শুকনা খাবারের প্যাকেট তুলে দেন। এ সময় উপকারভোগীরা এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
