বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। গত কয়েকদিনে সংঘবদ্ধ বেওয়ারিশ কুকুরের কামড়ে অন্তত পাঁচটি ছাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রায় ৫ থেকে ৬টি বেওয়ারিশ কুকুর একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এসব কুকুর পোষা নয়। তাড়াতে গেলে পালিয়ে যাওয়ার পরিবর্তে উল্টো মানুষের দিকে তেড়ে আসে। ইতোমধ্যে কয়েকটি ছাগল এসব কুকুরের আক্রমণের শিকার হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছাগলই মারা গেছে। দু-একটি ছাগল বেঁচে গেলেও সেগুলো অসুস্থ অবস্থায় রয়েছে।
এদিকে গবাদিপশুর পাশাপাশি এসব কুকুর এখন শিশুদের জন্যও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখলে কুকুরগুলো তেড়ে আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে অনেক শিশু ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলেও জানা গেছে।
এলাকাবাসী জানান, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়তে থাকায় যেকোনো সময় শিশু বা পথচারী গুরুতরভাবে আক্রান্ত হতে পারেন। দেশের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে গবাদিপশু ও মানুষের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
এ অবস্থায় আশরাফপুর এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
.jpeg)