বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর এলাকায় পদ্মা নদীর তীরবর্তী স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা। । মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নদীর তীর ও বাঁধের সুরক্ষা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদীর তীরবর্তী এলাকায় বালু মজুদের কারণে নদীর পাড়ে ভাঙন এবং জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরে উপস্থিত লোকজনকে সতর্ক করা হয়।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামো ব্যতীত বিকল্প পদ্ধতিতে বালু মজুদের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা সম্পর্কে স্থানীয়দের অবহিত করা হয়। নদীর তীর ও বাঁধের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,পদ্মা নদী ও নদীর বাঁধ রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক সম্পদ। এসব সম্পদের সুরক্ষা নিশ্চিত করা শুধু প্রশাসন ও পুলিশের দায়িত্ব নয়; এলাকার সর্বস্তরের জনগণেরও নৈতিক দায়িত্ব রয়েছে। নদীর তীর ও বাঁধ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
