বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় সার বরাদ্দ ও বিক্রয় সংক্রান্ত বিষয়ে কৃষি সম্প্রসারণ অফিসারসহ স্থানীয় কৃষকদের মতামত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চন্ডিপুর বাজারে একটি দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চন্ডিপুর বাজারের একটি দোকানে সারের সরকারি মূল্য প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের সারের সরকারি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেন। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণ ও বরাদ্দের বিষয়ে তাদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।
