বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মোট পাঁচটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর এলাকার জোতকাদিরপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. বাবুল হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুল হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তিনটি মামলায় সাজা হয়েছে। এছাড়া আরও দুটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে তিনটি সাজাপ্রাপ্ত ও দুটি বিচারাধীন মামলায় মোট পাঁচটি পরোয়ানা ছিল।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে বাঘা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে বাবুল হোসেনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে বাবুল হোসেন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
