বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় শিশু ও নারীর সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে স্থাপিত পাঁচটি ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’-এ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে বাঘা উপজেলা চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধ কার্যক্রম’-এর আওতায় এসব কমিউনিটি হাব স্থাপন করা হয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের (UNICEF) সহযোগিতায় কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে।
বাঘা উপজেলার বাঘা পৌরসভা, আড়ানী পৌরসভা, বাউসা ইউনিয়ন, মনিগ্রাম ইউনিয়ন ও পাকুড়িয়া ইউনিয়নে একটি করে মোট পাঁচটি কমিউনিটি হাব স্থাপন করা হয়েছে।
প্রকল্পটির মূল লক্ষ্য শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিকর সামাজিক প্রথা সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা তৈরি করা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ বিভিন্ন ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধেও এসব কমিউনিটি হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপকরণ বিতরণকালে বাঘা উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
