নিজস্ব প্রতিবেদক: কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মক্ষেত্রে আগ্রহ ও অনুপ্রেরণা বাড়ায়। সাহসিকতা, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশ পদক-২০২৫ পেয়েছেন এসআই সিফাত রেজা।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পুলিশ পদক-২০২৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পদক প্রদান করা হয়।
পদকপ্রাপ্ত এসআই সিফাত রেজা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়া আমার চাকরি জীবনের সর্বোচ্চ বড় প্রাপ্তি। এ অর্জনের পেছনে যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।”
তিনি বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনে তাঁকে অনুপ্রেরণা জোগাবে।
পুলিশ পদক অর্জনের মধ্য দিয়ে এসআই সিফাত রেজার পেশাগত দায়িত্ব ও অবদানের স্বীকৃতি মিলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
