বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের কামারপাড়ায় বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়াকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুমিয়া গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রেন্টু (৫২), তাঁর ছেলে বিদ্যুৎ (২৮), বিউটি বেগম ও শাবানার বিরুদ্ধে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়াকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ ওঠে।
এতে রুমিয়া গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রুমিয়ার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ এবং একাধিকবার সালিশ করেও সমাধান না হওয়ায় এ ঘটনার সূত্রপাত। আপন ভাই ও ভাবির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বিউটি বেগম ও শাবানাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
