বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুটি দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। এ সময় আইন অমান্য করায় একটি দোকানকে ৩ হাজার টাকা এবং অপর একটি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
